,

কাশিয়ানীতে আষাঢ়ের টানা বর্ষণে ভোগান্তিতে মানুষ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গত তিন দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ।

বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় তলিয়ে গেছে মাছের ঘের, রোপা আমনের বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত। হুমকির মুখে পড়েছে অনেক মুরগির খামারও।

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছিল। এরমধ্যে নিম্নাঞ্চলে বীজতলা তলিয়ে গেছে। এছাড়া পেঁপে ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে অনেক মাছের ঘের। তবে এখন পর্যন্ত কৃষি ও মৎস্য বিভাগ থেকে কোন ক্ষয়ক্ষতি নিরপন করা হয়নি।

ভ্যান চালক ইব্রাহিম মোল্যা বলেন, ‘সকাল থেকে বসে আছি। এক টাকাও আয় করতে পারিনি। বৃষ্টির কারণে মানুষ রাস্তায় বের হচ্ছে না। আর দু’একজ বের হলেও ভ্যানে উঠতে চায় না। ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে রাস্তায় নেমেছি। ঘরে খাবার নেই। ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্ট হচ্ছে।’

এদিকে, টানা বর্ষণে সবজি ক্ষেত তলিয়ে ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে হাট-বাজারে এখন শাক-সবজি অপ্রতুল। চরাঞ্চলে উৎপাদিত কিছু সবজি বাজারে উঠলেও দাম বেড়েছে।

এই বিভাগের আরও খবর