,

কাশিয়ানীতে আরও একটি মামলায় আসামী ৩৩৭ জন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন-কাশিয়ানী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনসহ আরও অনেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকার রাস্তাঘাট অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে যানবাহন চলাচল ব্যাহত করে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।
এ নিয়ে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ, সন্ত্রাস বিরোধী কর্মকান্ডে জড়ানোর অভিযোগে এবং হত্যা ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে। মামলাগুলো সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় করা হয়। ১১টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৯ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গত ১৬ জুলাই থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা হামলা চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। রাতেই জারি করা হয় কারফিউ। পরে কারফিউর মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও রোববার (২০ জুলাই) কারফিউ শিথিল করা হয়।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর