,

কবরস্থানের গাছ বিক্রির টাকা ‘বিএনপি নেতার’ পকেটে

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

তিনি ঈদগাহ কবরস্থান কমিটির কোনো দায়িত্বে না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ কবরস্থানের গাছ ও ডালপালা বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। এরআগেও তিনি একাধিকবার সরকারি সড়কের গাছ কেটে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে,  হাসিনা সরকার পতনের কিছুদিন আগে কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ করেন বিদ্যুৎ অফিসের লোকজন। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একটি সিরিজ গাছ ও কয়েকটি গাছের ডালপালা কাটা হয়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর সেই গাছ ও ডালপালা প্রভাব দেখিয়ে বিক্রি করেন বিএনপি নেতা কাবুল বিশ্বাস। বিক্রির ১৭ হাজার টাকা কমিটির কাছে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করে। আট মাস পরেও গাছ বিক্রির টাকা জমা না দেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কবরস্থান কমিটির হিসাবরক্ষক জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘গাছ ও ডালপালা বিক্রির কোনো টাকা আমার কাছে জমা হয়নি।’

এ বিষয়ে ঈদগাহ কবরস্থান কমিটির সভাপতি মো. আহসান আলী সিকদার লাবু মুঠোফোনে বলেন, ‘গাছ বিক্রির টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে রয়েছে। তিনি এখনও কমিটির কারও কাছে জমা দেননি।’

অভিযুক্ত বিএনপি নেতা কাবুল বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা জমা না দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘অভিযোগের বিষয়টা আসলে সঠিক না। আমি কবরস্থান কমিটির কেউ না এ কথাও সঠিক না। আমাকে হেয় করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে।’ সন্ধ্যার পরে ফোন দিবেন বলে ফোন কেটে দেন।

এই বিভাগের আরও খবর