,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চা বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত শামিম শেখ (৩২) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোনাপাড়া হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামিম শেখ ঘোনাপাড়া বাজারে চায়ের দোকান করতেন। রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাইওয়ে থানার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকাল ৯টায় তার মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর