কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িসহ সংশ্লিষ্ট এলাকায় নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সোমবার বিকেলে তিনি হেলিকপ্টার যোগে ওড়াকান্দি ঠাকুর বাড়ি আসেন। সেখানে মন্দির, হেলিপ্যাডসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাকে কেউ ব্যাহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, ডিআইজি খোরশেদ আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর সার্কেল মোহাম্মাদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, ওসি মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।