জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ আগস্ট) রাতে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১ কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা ও একটি ফিচারফোনসহ তাকে আটক করা হয়। সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত নারী সাথি আক্তার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের বাসিন্দা এবং রেজাউল শেখের স্ত্রী। তিনি গোপালগঞ্জভিত্তিক একটি মাদকচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক সরবরাহকারী চক্রটির হয়ে সাথি আক্তার বোয়ালমারীতে মাদক সরবরাহ করতে এসে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে তারা। এ ধরনের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছে বোয়ালমারীতে অবস্থানরত সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।