জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ‘রাসেল বাহিনী’র প্রধান মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল (৩৪) ও তার দুই সহযোগীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমাণা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
আজ রোববার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ যুগ্ম দায়রা জেলা জজ আদালতের বিচারক ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের সাহিদুল শেখের ছেলে ও রাসেলের সহযোগী এসএম সাজিদ ওরফে ইয়াসিন শেখ এবং একই গ্রামের আবেদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ।
মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ মার্চ কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় নির্মাণাধীন ‘এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ গিয়ে রাসেল ও তার সহযোগীরা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আজিজুল ইসলাম মিয়াকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে আসামিরা প্রতিষ্ঠানের ম্যানেজার হাতিম আলী মৃধার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা না দিলে কারখানার নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। পরের দিন উপজেলার আড়ুয়াকান্দি বাজারে আসামিরা মোটরসাইকেলে এসে নির্বাহী পরিচালক আজিজুল ইসলাম মিয়ার পথরোধ করে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ১০ মার্চ আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম তদন্ত করে ওই বছরের ১১ এপ্রিল আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাসেল ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নিজস্ব একটি বাহিনী রয়েছে। তার ও তার বাহিনীর বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় জুলাই বিপ্লবের সময় হত্যা মামলাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের একাধিক মামলা রয়েছে। এ সাজার খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।