,

জেলা পরিষদ নির্বাচন: ভোট কক্ষে মোবাইলে মানা

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন বলছে, ভোটারের গোপনীয়তার সঙ্গে ভোটাধিকার প্রয়োগের অধিকার যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে।

কেউ ভোটারের গোপনীয়তা ভঙ্গ করতে চাইলে তার পদ মর্যাদা নির্বিশেষে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশও এসেছে।

সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদেরকে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেয় কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

আগামী ১৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং তিন পদে সব মিলিয়ে ১১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ভোট হবে বাকি পদগুলোকে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সম্প্রতি যেসব এলাকায় নির্বাচন হয়েছে দেখা যায় সেখানে ভোটারা ভোট দেয়ার পর ছবি তুলছেন। এতে করে ভোটারদের যেমন গোপনীয়তা থাকছে না, তেমনি আইনও লঙ্ঘন হচ্ছে। তাই ভোটারদের গোপনীয়তা রক্ষা ও নির্বিঘ্নে ভোট নিশ্চিত করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এতে উল্লেখ আছে, ভোটকক্ষে ভোটাররা যেন মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে অথবা ভোটকক্ষে ভোটদান বিশেষ করে গোপনকক্ষে ভোট প্রদানের ছবি তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে।

নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে ব্যবস্থাগ্রহণে অক্ষম হলে, তাৎক্ষণিক নির্বাচন কমিশনকে সরাসরি অথবা রিটার্নিং অফিসার বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে জানাতে হবে।

কোনো নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালনে অপরাগতা বা অস্বীকৃতি প্রকাশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে চিঠিতে।

এই বিভাগের আরও খবর