নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় শিশুদের গ্রেপ্তারে শিশু আইন সঠিকভাবে মানা হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি শিশু আইনের প্রয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রথমে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষ-পরবর্তী দায়ের করা মামলায় প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী-উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল।
রিটে বলা হয়, শিশুদের গ্রেপ্তারে শিশু আইন, ২০১৩ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আদালত বিষয়টির প্রাথমিক শুনানি শেষে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।