জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়।
এদিন বেলা সাড়ে ১১ টায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ মাঠে গার্ড অব অর্নার প্রদান করা হয়। তারপর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের নব নির্বাচিত এমপি এসএম জিলানী, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন,পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।