,

গোপালগঞ্জে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২০ জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী মোট ৩০ জন প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই নিয়ম অনুযায়ী ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো আসনের মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে জামানত হারানো তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জ-১ আসনে ৬ জন, গোপালগঞ্জ-২ আসনে ৯ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ৫ জন প্রার্থী তাঁদের জামানত খুইয়েছেন। তবে এ ভরাডুবির মধ্যেও জামায়াতে ইসলামীর একজন, জামায়াত-এনসিপি সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের দুইজন, গণঅধিকার পরিষদের এক প্রার্থী এবং বিএনপির একজন বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী তাঁদের জামানত রক্ষা করতে পেরেছেন।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন), সুলতান জামান খান (জাতীয় পার্টি), নিরদ বরণ মজুমদার (সিপিবি) এবং স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, এম আনিসুল ইসলাম ও কাইয়ূম আলী খান।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ আসনে জামানত হারিয়েছেন তসলিম সিকদার (ইসলামী আন্দোলন), মাহমুদ হাসান (জাকের পার্টি), রিয়াজ সারোয়ার মোল্লা (জাতীয় পার্টি), দীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ), শাহ মফিজ (গণফোরাম), বিএনপির বিদ্রোহী প্রার্থী এম. সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস, রনী মোল্লা ও শিপন ভূইয়া।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে জামানত খুইয়েছেন আবুল বসার (গণঅধিকার পরিষদ), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম), মো. মারুফ শেখ (ইসলামী আন্দোলন), শেখ সালাহউদ্দিন (এপিপি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।

এই বিভাগের আরও খবর