,

গোপালগঞ্জে বাজার তদারকিতে সংসদ সদস্য বাবর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি মাঠে নেমেছেন গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচাবাজার, চালের আড়ত ও মাছ বাজারসহ প্রধান বাজারগুলোতে তিনি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতি ও মূল্য তালিকার খোঁজ নেন এবং সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে বাজারের দ্রব্যমূল্যে অবস্থা বোঝার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাছলিম, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. কে এম বাবর বলেন, ‘আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা লুটতে দেওয়া হবে না। আমাদের সরকার ও স্থানীয় প্রশাসন জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘দেশজুড়ে তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে-দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অসাধু সিন্ডিকেট করে কেউ সুবিধা নিতে পারবে না। আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখব।’

উল্লেখ্য, রমজানের প্রথম দিন থেকেই বাজারে লেবু, বেগুন, শসা, মাংস, মাছ ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। জনভোগান্তির এই খবর পাওয়ামাত্রই এমপি ডা. কে এম বাবর বাজার নিয়ন্ত্রণে নিজেই বাজারে ছুটে যান।

এই বিভাগের আরও খবর