,

গোপালগঞ্জে নতুন সমীকরণ: তিনটি আসনে বিএনপির জয়

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। জেলার রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম একযোগে তিন আসনে জয় পেল দলটি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে এ ফলাফলকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এদিকে, তিনটি আসনে অনুষ্ঠিত গণভোটেও ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। গোপালগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে একবার মাত্র বিএনপির প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন। এবারই প্রথম জেলার সব কটি আসনে জয় পেয়ে নতুন রাজনৈতিক ইতিহাস গড়ল দলটি।

এই বিভাগের আরও খবর