খুলনা প্রতিনিধি: সড়ক-মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ এবং বাস মালিককে মারধরের প্রতিবাদে খুলনা থেকে গোপালগঞ্জসহ চার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-মাদারীপুর ও টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস মালিকরা জানিয়েছেন, এসব রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সদস্য খান কামরুজ্জামান বলেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা জোরপূর্বক এসব রুটে অবৈধ বাস চলাচলে অনুমতি দিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন- সাধারণ মালিকরা। এ ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাস মালিক মো. হায়দার হোসেনকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার প্রতিবাদে এই সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন বলেন, এই রুটগুলোতে অবৈধ বাস চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাস মালিককে মারধরের ঘটনায় মীমাংসার চেষ্টা চলছে।