জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নায়েব আলী খান ওই গ্রামের মৃত মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়া নাশকতা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।