কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।
কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসু কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।
এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
পরে কার্যালয়ের সামনে ও শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ওপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার করেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’