জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কামাল আহমেদ নামের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে চেয়ারম্যানের বক্তব্য নিতে গেলে চেয়ারম্যান ও তার নিজস্ব লোকজন নিয়ে সাংবাদিকদের ঘেরাও করে লাঞ্ছিত করেন।
লাঞ্ছিত করার অভিযোগ ওঠা কামাল আহমেদ উপজেলার শেখর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। লাঞ্ছিত ঘটনায় বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লাঞ্ছিত হওয়া দুই সাংবাদিক হলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মুকুল বোস ও ঢাকা থেকে প্রকাশিত ভোরের দর্পণ নামক পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এস. এম. রুবেল।
লাঞ্ছিত হওয়া দুই সাংবাদিক জানান, সোমবার দুপুরে শেখর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান শেখর গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদে তালা দিয়ে বন্ধ করে সহস্রাইল বাজারে ব্যক্তিগত অফিস করে কার্যক্রম চালাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যায়। এ সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ ও তার অনুসারীরা।
এদিকে অভিযোগ ভিত্তিহীন দাবী করে শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, আমি কেন সাংবাদিকদের লাঞ্ছিত করবো? সব মিথ্যা কথা। বরং ওই সাংবাদিকরা ১৫ দিন আগে আমার কাছে ঈদের খরচ চেয়েছিলেন। পরে আমি সেটা দেইনি। এরপর থেকে আমার নামে তারা মিথ্যা রিপোর্ট করতে উঠেপড়ে লেগেছে।
এ ব্যাপারে পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, এ ব্যাপারে আমরা এখনও সাংবাদিকদের কাছে থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।