,

বৃষ্টি অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি না থাকা, সেইসাথে লোডশেডিং বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে ভ্যাপসা গরম। তবে টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। শহর জুড়ে শীতলতার পরশ। স্বস্তিতে রাজধানীবাসী।

রোববার (০৯ অক্টোবর) সকাল থেকে ঢাকার আকাশে রোদ ছিল। ছিল ভ্যাপসা গরমও। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মেঘের আনাগোনা। বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয় স্বস্তির বৃষ্টি।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর