জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (০৬ জুন) সকালে উপজেলার বড় ডুমুরিয়া বিলে এ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, পরে সেসব জাল উপজেলা পরিষদের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে ছিলেন।