জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই আওয়ামী লীগ নেতা।
আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতারা হলেন-উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস (হরি ঠাকুর) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারণ আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম।
জানা যায়, টুঙ্গিপাড়ায় গত ১৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।