,

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আগুনে আড়াই হাজার মণের বেশি পাট পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ীর।

আজ শনিবার (১০ জানুয়ারী) ভোররাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএন্ডটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আজ সকাল ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, ‘আমি প্রতিদিনের মতো কাজ শেষ করে শুক্রবার রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে ভোররাতে আগুন লাগার খবর পাই। আমার নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।’

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ‘ভোররাত পৌনে ৩টার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় আধা ঘণ্টার মধ্যে বড় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। ধারণা করা হচ্ছে, পাশের একটি ঘর থেকে বিড়ির আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর