,

গোপালগঞ্জে নিহত ৩ যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লা মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার এবং টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর উপস্থিত ছিলেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে গতকাল রোববার মরদেহ উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান- ১৬ জুলাই রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়া তাঁদের দাফন করা হয়। তবে চারজন নিহতের ঘটনায় ১৯ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তোলা হয়েছে নিহত তিনজনের মরদেহ।

উল্লেখ্য, ১৬ জুলাই গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচজন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত রমজান মুন্সী ছাড়া বাকিদের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।

এই বিভাগের আরও খবর