জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে গোপালগঞ্জে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
আজ শনিবার (৭ জুন) সকাল ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এ জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা ইউএনও এম রকিবুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সওজের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মুসল্লিরা ভাতৃত্বে বন্ধন সুদৃঢ় করতে একে অন্যের সাথে কোলাকুলি করেন। ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেন।
এছাড়াও জেলাসহ কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেভ হোম, ভবঘুরে কেন্দ্র, দুঃস্থ কল্যাণ কেন্দ্র, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।