জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ওষুধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের ঘোনাপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।
তিনি জানান, ওষুধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রির অপরাধে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারের মোল্লা মেডিকেল হলকে ৫ হাজার ও নোংড়া পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে ওই বাজারের মুন্না সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়ায় মূল্য তালিকা না থাকায় ইমরান ফল ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।