জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচীবের পদ পেয়েছেন মাদক মামলার দুই আসামী।
গত ১২ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কোটালীপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির তালিকা থেকে জানা যায় রায়হান ইসলাম (তপু দাড়িয়া) কে আহবায়ক ও হাসান জামিল (বাধন নিজামী) কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২১ সদস্যের কমিটি অনুমোদন পাওয়ার পর থেকে শুরু হয় গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই কমিটির আহবায়ক ও সদস্য সচিবের মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ছবি।
খোঁজ নিয়ে জানা যায়- ২০১৯ সালের ২৯ জানুয়ারী ফেনসিডিল সহ তপু দাড়িয়া ও বাধন নিজামীসহ ৩ জনকে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সদস্য দায়িত্ব পাওয়া কোটালীপাড়া পৌর ছাত্র দলের আহবায়ক রায়হান ইসলাম (তপু দাড়িয়া) মুঠোফোনে বলেন, ‘আমি ও বাধন নিজামী বিএনপি পরিবারের। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদক দিয়ে ফাঁসিয়ে মামলা করে কারাগারে পাঠায়। আমরা বর্তমানে জামিনে মুক্ত আছি।
বিষয়টি নিয়ে কথা বলতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।