জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: শ্যামা পূজা উপলক্ষে গোপালগঞ্জে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোক সঙ্গীত কবি গানের আসর। জেলার বিভিন্ন স্থান থেকে আগত শ্রোতরা রাত জেগে কবি গান শোনেন। হারমোনিয়া, তবলা, বেহালা, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মনোমুগ্ধকর হয়ে উঠে গানের মাঠ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতব্যাপী কবি গানের আয়োজন করেন সদর উপজেলার নিজড়া ছোয়ানিপাড়া সার্বজনীন কালীমন্দির কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু।
মন্দিরের সভাপতি সুশান্ত মন্ডল ভাষার সভাপতিত্বে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ূন কবীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সোয়ানিপাড়া সার্বজনীন শ্যামা মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অনুকূল বৈরাগী, কোষাধ্যক্ষ রতন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন সুশান্ত শিকদার।
স্রোতা অনিল বিশ্বাস বলেন, ‘হারিয়ে যেতে বসেছে কবি গান। নিজড়া ছোয়ানিপাড়ায় কবি গান হচ্ছে শুনে আসলাম। অনেক দিন পরে কবি গান শুনে ভালো লাগলো।’
নিজড়া ছোয়ানিপাড়া সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি সুশান্ত মন্ডল ভাষা বলেন, ‘কবিগান আমাদের সাংস্কৃতির একটি ঐতিহ্য। এই গান দিন দিন হারিয়ে যাচ্ছে। কবি গানের মধ্য দিয়ে মানুষের সম্প্রীতি অটুট হবে। সম্প্রীতির বন্ধন ধরে রাখতে ঐতিহ্যবাহী কবি গান আগামীতেও আয়োজন করা হবে।