জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে প্রাচীর নির্মাণ করতে গেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত আছে।