বেনাপোল প্রতিনিধি, যশোর: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুদেশে মধ্যে সকল আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ থাকবে আগামী ৫ দিন। তবে এ সময় দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বেনাপোল কাস্টমস ও বন্দর।
জানা যায়, আগামীকাল ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল দিয়ে দুদেশের আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দর টানা ৫ দিন আমদানি রফতানির কার্যক্রম বন্ধ থাকার ফলে দুদেশে শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়বে। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।